বাংলাদেশি কর্মীদের জন্য খুব শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, স্বল্প অভিবাসন ব্যয়, সহজ প্রক্রিয়া এবং সিন্ডিকেটমুক্ত ব্যবস্থাপনায় শ্রমিক পাঠানোর বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
মাহদী আমিন বলেন, শুধু নতুন করে শ্রমিক পাঠানো নয়, মালয়েশিয়ায় বর্তমানে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের বৈধতা দেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
তিনি আরও জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ দেশটির উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। এবারের শ্রমশক্তি রপ্তানি প্রক্রিয়া যেন স্বচ্ছ, সহজ এবং কোনো ধরনের সিন্ডিকেটের প্রভাবমুক্ত থাকে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার সঙ্গে বহুমুখী সহযোগিতার ক্ষেত্রও প্রসারিত হচ্ছে। শ্রমবাজারের পাশাপাশি গবেষণা ও উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে দেশটির শিক্ষামন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে।