সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু সংবাদমাধ্যমে প্রচারিত ‘বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ করেছে কাতার’—এমন খবর পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
২১ অক্টোবর মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে জানানো হয়, কাতারের শ্রমবাজার এখনো স্বাভাবিকভাবে চালু রয়েছে এবং বাংলাদেশ থেকে সেখানে কর্মী প্রেরণ অব্যাহত আছে। গত সেপ্টেম্বর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশ থেকে কাতারে মোট ১ লাখ ১১ হাজার ৬৬২ জন কর্মী প্রেরণ করা হয়েছে। বর্তমানে কাতারে কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা প্রায় ৪ লাখ ২৫ হাজার ৬৮১ জন।
মন্ত্রণালয় জানায়, “‘বাংলাদেশি কর্মীদের জন্য কাতারের ভিসা বন্ধ’ সংক্রান্ত প্রচারণা জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ মহলের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রয়াস। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।”
এছাড়া, কাতারে তথাকথিত ‘ফ্রি ভিসা’ নামে কোনো ভিসা ব্যবস্থার অস্তিত্ব নেই বলেও জানানো হয়। সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ‘ফ্রি ভিসা’র নামে ভুয়া প্রচারণা চালাচ্ছে, যা সম্পূর্ণ প্রতারণা।
মন্ত্রণালয় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং সঠিক তথ্যের জন্য শুধুমাত্র সরকারি সূত্রের উপর নির্ভর করতে পরামর্শ দিয়েছে।