Ridge Bangla

বাঁচানো গেল না মাথায় গুলিবিদ্ধ হওয়া শিশু রেশমীকে

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর রৌফাবাদ কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে আহত পঞ্চম শ্রেণির ছাত্রী রেশমী আক্তার মারা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ৭ মে রাতে রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের গুলিতে রাজু নামে এক যুবক নিহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয় রেশমী। পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় পান আনতে দোকানে যাচ্ছিল রেশমী। পথে এলোপাতাড়ি গুলিবর্ষণের মধ্যে পড়লে তার বাঁ চোখে গুলি লাগে। পরে গুলিটি মাথার ভেতরে আটকে যায়।

আহত হওয়ার পর প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার থেকে সে আইসিইউতে চিকিৎসাধীন ছিল।

৭ মে’র গোলাগুলির ঘটনায় পুলিশ জানিয়েছে, গত ২৬ এপ্রিল রাউজানের কদলপুরে নাসির উদ্দিন নামে একজনকে গুলি করে হত্যা করা হলে ঘটনার সূত্রপাত হয়। নিহত নাসিরের মেয়ে লাভলী আক্তার রাজুর বিরুদ্ধে অভিযোগ তুললে একদল সন্ত্রাসী প্রতিশোধ নিতে রৌফাবাদ কলোনিতে এসে রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। তখন ওই পথ ধরে যাওয়ার সময় তাদের গুলিতেই মারাত্মকভাবে আহত হয় শিশু রেশমী।

জানা গেছে, রিয়াজ-সাবেরা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে রেশমী ছিল সবার ছোট। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

This post was viewed: 3

আরো পড়ুন