Skip to main content

Ridge Bangla

বলিউডের প্রবীণ অভিনেত্রী জেরিন খান মারা গেছেন

বলিউডের প্রবীণ অভিনেত্রী ও নির্মাতা সঞ্জয় খানের স্ত্রী জেরিন খান মারা গেছেন। শুক্রবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, জেরিন খান দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই মারা যান। শোকাহত পরিবার তাদের ব্যক্তিগত সময়ের প্রতি সম্মান জানিয়ে গণমাধ্যমের কাছে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে।

জেরিন খান বলিউডের অন্যতম পরিচিত তারকাপরিবারের সদস্য। তার স্বামী সঞ্জয় খান বিখ্যাত অভিনেতা ও নির্মাতা, আর দুই সন্তান সুজান খান ও জায়েদ খান বলিউডে পরিচিত মুখ। জায়েদ খান অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন, অন্যদিকে সুজান খান পরিচিত বলিউড তারকা ঋত্বিক রোশনের সাবেক স্ত্রী হিসেবে। এছাড়া তাদের আরও দুই সন্তান আছেন—ফারাহ খান আলি ও সিমোন আরোরা।

১৯৬৬ সালে সঞ্জয় খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেরিন খান। বলিউডের গল্পে তাদের প্রেমের কাহিনি বেশ জনপ্রিয়—একটি বাসস্ট্যান্ডে আকস্মিক সাক্ষাৎ থেকেই শুরু হয়েছিল তাদের সম্পর্ক, যা পরিণত হয়েছিল আজীবনের বন্ধনে।

বিয়ের আগে জেরিন খান অল্প সময়ের জন্য চলচ্চিত্রে কাজ করেছিলেন। তিনি দেব আনন্দ অভিনীত ‘তেরে ঘর কে সামনে’ (১৯৬৩) ছবিতে ‘জেনি ফার্নান্দেজ’ চরিত্রে অভিনয় করেন এবং ‘এক ফুল দো মালি’ সিনেমাতেও তাকে দেখা যায়। পরবর্তীতে তিনি নিজেকে ইন্টেরিয়র ডিজাইনার ও খাদ্যরসিক লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার কন্যা সুজান খান মায়ের পথ অনুসরণ করে সৃজনশীল অঙ্গনে কাজ করছেন।

This post was viewed: 52

আরো পড়ুন