Skip to main content

Ridge Bangla

বর্তমান সরকার নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছে: আইন উপদেষ্টা

বর্তমান সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা নিয়েই দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

আইন উপদেষ্টা বলেন, “বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, বরং তারা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ আচরণ আশা করেছে। বর্তমান সরকার সেই প্রত্যাশা অনুযায়ীই কাজ করছে।”

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য থাকলেও নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া অগ্রসর হলে সেই সংশয় কেটে যাবে।

ড. আসিফ নজরুল জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রশাসনের সব কার্যক্রম সরাসরি ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন, যাতে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকে।

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরের বিষয়ে তিনি বলেন, “এ ঘটনায় সেনাপ্রধানসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রশংসনীয়। তাদের সাবজেলে রাখার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত, এ নিয়ে আমার মন্তব্য করার সুযোগ নেই।”

এর আগে মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করে জনগণকে আশ্বস্ত করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

This post was viewed: 68

আরো পড়ুন