চলমান জ্বালানি সংকটে প্রশাসন কর্তৃক পরিচালিত এক অভিযানে বরগুনার পাথরঘাটা উপজেলায় ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র এলাকার মেসার্স গাজী স্টোর থেকে এই জ্বালানি জব্দ করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় জেলেদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অতিরিক্ত লাভের আশায় একটি চক্রের দ্বারা বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখা হয়েছিল। এর ফলে জ্বালানির সংকটে পড়ে অনেক জেলে সাগরে যেতে পারেননি।
গোয়েন্দা তথ্যের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল এ অভিযানে নেতৃত্ব দেন। উদ্ধারকৃত ডিজেল সরকারি নির্ধারিত দামে ট্রলার মালিকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে মেসার্স গাজী স্টোরের মালিক আব্দুল্লাহ গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।