Skip to main content

Ridge Bangla

বরগুনায় স্বামীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ, স্ত্রী ও শাশুড়ি আটক; মরদেহ নিয়ে সড়ক অবরোধ

বরগুনায় পরকীয়ার জেরে স্বামীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মরদেহ নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেন নিহতের স্বজন ও স্থানীয়রা। পরে তাদের দাবির মুখে অভিযুক্ত স্ত্রী রাবেয়া এবং তার মাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা সদর উপজেলার বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

নিহত আফাং শিকদার (৪৫) বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলা এলাকার মৃত খবির শিকদারের ছেলে।

মানববন্ধনে অংশ নেওয়া স্বজন ও স্থানীয়দের অভিযোগ, জীবিকার তাগিদে আফাং শিকদার দীর্ঘদিন প্রবাসে ছিলেন। এ সময়ে তিনি নিয়মিত স্ত্রীর কাছে অর্থ পাঠাতেন। তবে তার অনুপস্থিতিতে স্ত্রী রাবেয়া অন্য এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে তারা দাবি করেন। পরে আফাং দেশে ফিরে বিষয়টি জানতে পারলে দাম্পত্য কলহ শুরু হয়।

স্বজনদের অভিযোগ, গত শনিবার (১৯ জুলাই) ওই বিরোধের জেরে রাবেয়া স্বামীকে ইঁদুর মারার বিষ খাইয়ে দেন। অসুস্থ হয়ে পড়লে পরদিন রোববার (২০ জুলাই) আফাং শিকদারকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) তার মৃত্যু হয়।

শনিবার ময়নাতদন্ত শেষে মরদেহ বরগুনায় আনা হলে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা অভিযুক্তের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মরদেহ নিয়ে বরগুনা-পুরাকাটা আঞ্চলিক সড়ক অবরোধ ও মানববন্ধন করেন।

খবর পেয়ে পুলিশ এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযোগের তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 1

আরো পড়ুন