বরগুনার পাথরঘাটা উপজেলায় কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে গিয়েছেন অন্তত ২৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে এ ঘটনা ঘটে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, কুকুরের কামড়ে আহত হয়ে ২৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত তিনজনকে বরিশালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর প্রয়োজনীয় পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও হাড়িটানা এলাকায় একটি বেওয়ারিশ কুকুর ক্ষিপ্ত অবস্থায় স্থানীয়দের ওপর আক্রমণ করে। আহত হয়ে হাসপাতালে যাওয়ার পর অনেকেই অভিযোগ করেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন নেই। তাই বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে ভ্যাকসিন কিনতে হচ্ছে তাদের।