ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, “দেশকে অস্থিতিশীল করার নীলনকশার অংশ হিসেবেই সাম্প্রতিক সময়ে জাতীয় নেতাদের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর এবং জাগপার (একাংশ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করা হয়েছে। ববি হাজ্জাজের ওপর হামলাও সেই ষড়যন্ত্রেরই অংশ।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনাগুলো প্রমাণ করছে, ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বিশেষ করে দেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন এ ধরনের হামলা জাতির জন্য অশনি সংকেত।”
মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে ববি হাজ্জাজসহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, “রাজনীতির মাঠে সহিংসতা নয়, মতবিনিময় ও গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত। তাই সকল ষড়যন্ত্র ও সহিংসতা বন্ধ করে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”