চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ বন্যাকবলিত ১১টি জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিন স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রয়োজনীয় স্যালাইন, পানি শোধন বড়ি, সাপে কাটার প্রতিষেধকসহ সব ধরনের জরুরি ওষুধ পর্যাপ্ত পরিমাণে সংরক্ষিত রয়েছে। বন্যাকবলিত এলাকায় চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে তিন স্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতিতে চিকিৎসাসংক্রান্ত কোনো কারণে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি। বর্তমানে চট্টগ্রাম হাসপাতালে সাপে কাটা ৯৫ জন চিকিৎসাধীন রয়েছেন এবং তারা সবাই সুস্থ আছেন।
ব্রিফিংয়ে আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালটির বিরুদ্ধে সরকারের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তদন্তে দেওয়া সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠানটি কাজ করছে। তারা কয়েকজন চিকিৎসককে দায়িত্ব থেকে সরিয়েছে, বেকারি অপসারণ এবং অবকাঠামো সংস্কারের কাজও করছে।
তিনি জানান, এসব কার্যক্রম শেষ হওয়ার পর আবারও পরিদর্শন করে পরিস্থিতি মূল্যায়ন করা হবে।