Ridge Bangla

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুতি নেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দুর্গত এলাকায় দায়িত্বে থাকা সব স্বাস্থ্যকর্মীর ছুটিও বাতিল করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যাকবলিত এলাকার স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যাপীড়িত এলাকায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। দিনরাত সার্বক্ষণিকভাবে তারা কাজ করছেন। গর্ভবতী মা ও শিশুদের রক্ষায় বিশেষ প্রচেষ্টা নেয়া হয়েছে।

পানি বিশুদ্ধ রাখতে উপজেলাগুলোতে পর্যাপ্ত পরিমাণ শোধন ট্যাবলেট সরবরাহ করা হয়েছে বলে জানান মন্ত্রী। একই সঙ্গে পর্যাপ্ত খাবার স্যালাইন মজুত রয়েছে।

তিনি জানান, সাপের কামড়ের চিকিৎসায় পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। বিনা চিকিৎসায় যেন কারও মৃত্যু না হয়, সে জন্য জেলা পর্যায়ে এগুলোর মজুত রাখা হয়েছে। আরও ২৫ হাজার ভায়েল অ্যান্টিভেনম আসছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো গাফিলতি করা হয়নি। কলেরার সমূহ আশঙ্কা আছে, প্রকোপের কথা মাথায় রেখে টিম ও ওষুধ প্রস্তুত রাখা হয়েছে।

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের বিষয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, আদ্-দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত থেকে এখন পর্যন্ত সরকার সরেনি। ৬ জনের মৃত্যুর পর একশনে গিয়েছি। হাসপাতালটি স্ট্রাকচার পুনর্গঠন করছে। তারা বেকারি সরিয়েছে, আইসিইউ ইউনিটে ভেন্টিলেশনের ব্যবস্থা করছে। এসব ভিডিও পাঠিয়েছে। পুনঃপরিদর্শনের জন্য একটি দরখাস্তও দিয়েছে। পরিদর্শনের পর সরকার যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। একটি টিম পরিদর্শনে যেতেও পারে।

This post was viewed: 3

আরো পড়ুন