দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোকে কেন্দ্র করে শিগগিরই রোড শো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে আয়োজিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ তুলে ধরেন।
সভায় প্রধানমন্ত্রী দ্রুত বন্ধ কারখানাগুলো চালু করার পাশাপাশি লোকসানে থাকা প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার কার্যকর উপায় বের করতে নির্দেশ দেন। পাশাপাশি এসব শিল্পপ্রতিষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় কর্মকর্তারা জানান, কারখানাগুলোর পুনরুজ্জীবন ও লাভজনক পরিচালনার লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেওয়া হচ্ছে।
সভায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।