এক অসুস্থ বন্ধুর একাকিত্ব দূর করে তাকে খুশি রাখতে একসঙ্গে মাথা ন্যাড়া করেছেন তাঁর অন্য ৯ বন্ধু। বন্ধুত্বের অনন্য নিদর্শন স্থাপনকারী হৃদয়ছোঁয়া এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগরে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টিকারী এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁরা ভাসছেন প্রশংসায়।
মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গেছে, দৌলতপুর গ্রামে সজীব নামের এক যুবক দীর্ঘদিন ধরে মাথার ত্বকের সমস্যায় ভুগে চিকিৎসকের পরামর্শে গত বুধবার মাথা ন্যাড়া করতে বাধ্য হন। এই অসুস্থতা এবং ন্যাড়া হওয়ার ফলে সজীব যেন হীনম্মন্যতায় না ভোগেন, সেজন্য তাঁর প্রতি সহানুভূতি প্রকাশে মাথা ন্যাড়া করেন তাঁর আরও ৯ বন্ধু।
একে একে সজীবের সঙ্গে এই তালিকায় যুক্ত হন কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।
সজীবের বন্ধুরা জানান, সজীব যাতে নিজের এই অসুস্থতায় একা অনুভব না করে মানসিকভাবে শক্ত থাকতে পারে, সেজন্য তাঁরা একত্রে এই সিদ্ধান্ত নিয়েছেন।