Ridge Bangla

বন্দর আব্বাসের আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার (১৩ জুলাই) আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ইউনিট বন্দর আব্বাস কাউন্টির হাজিয়াবাদের কাছে আকাশসীমায় একটি ‘লুকাস’ শত্রু ড্রোন শনাক্ত করে। পরে সেটিকে প্রতিহত করে গুলি করে ভূপাতিত করা হয়।

ইরানি সেনাবাহিনীর দাবি, দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং শত্রুপক্ষের সম্ভাব্য হামলা প্রতিহত করার অভিযানের অংশ হিসেবেই ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

তবে ড্রোনটি কোথা থেকে উড্ডয়ন করেছিল, কী উদ্দেশ্যে অভিযান চালাচ্ছিল বা ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ ঘটনার কয়েক ঘণ্টা আগে ইরানের বিভিন্ন সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় নতুন করে হামলা চালানোর অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরানের দাবি, বুশেহর, খুজেস্তান ও হরমোজগান প্রদেশের বিভিন্ন স্থাপনার পাশাপাশি তেহরান ও মাশহাদকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ রেল অবকাঠামোকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর ঘোষণা দেয় তেহরান।

একই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগও তোলে ইরান। তাদের দাবি, ওই সমঝোতার শর্ত উপেক্ষা করেই যুক্তরাষ্ট্র নতুন সামরিক অভিযান শুরু করেছে।

তবে বন্দর আব্বাসে ড্রোন ভূপাতিতের দাবি কিংবা ইরানের পাল্টা হামলার ঘোষণার বিষয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

This post was viewed: 6

আরো পড়ুন