রাজধানীর বনানীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে বনানীর সেতু ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরগামী ভুইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে যায়। এ সময় সেখানে রাস্তার কাজ করা দুই শ্রমিক বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহতরা হলেন সাগর মিয়া (৩৫) ও মোসলেম উদ্দিন (৪৭)। তাদের মধ্যে সাগর মিয়ার বাড়ি গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার মহিষবন্দী গ্রামে। তিনি চান মিয়ার ছেলে। অপরদিকে মোসলেম উদ্দিনের বাসা রাজধানীর মিরপুর-১-এর পূর্ব আহমেদনগর এলাকায়। তিনি মোহাম্মদ আশিম উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।