Ridge Bangla

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, টানা ৫ দিনের বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে ভারতের তামিলনাড়ু উপকূলে অবস্থান করা বিদ্যমান লঘুচাপের পাশাপাশি আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে আগামী সপ্তাহের শুরু থেকে দেশে টানা পাঁচ দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে অধিদফতর সূত্রে জানা যায়, সন্ধ্যার মধ্যে নতুন লঘুচাপটি তৈরি হতে পারে। প্রাথমিকভাবে এটি বাংলাদেশের ওপর সরাসরি কোনো প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সম্ভাব্য লঘুচাপটি ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। তবে স্থলভাগে ওঠার পর এটি কিছুটা উত্তর দিকে সরে গিয়ে বাংলাদেশের দিকে মেঘ ও বৃষ্টিপাতের প্রভাব ফেলতে পারে। পশ্চিমা বাতাসের ধাক্কায় এই প্রভাব আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, লঘুচাপটি স্থলভাগে পৌঁছানোর পর আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে দেশের দক্ষিণাঞ্চলসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়বে। এই বৃষ্টি টানা পাঁচ দিন স্থায়ী হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়ায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।

This post was viewed: 40

আরো পড়ুন