Skip to main content

Ridge Bangla

বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নির্বাচনী সহিংসতার ঘটনায় অভিযান চালিয়ে দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পৌর জামায়াতে ইসলামীর বাইতুলমাল সম্পাদক এটিএম মুজাহিদ এবং উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম। পুলিশ জানিয়েছে, তারা সম্প্রতি সংঘটিত একটি সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।

থানা সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি রাতে নন্দীগ্রাম উপজেলার পারশন গ্রামে নির্বাচনী সহিংসতার একটি ঘটনা ঘটে। এতে থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ গুরুতর আহত হন। হামলার সময় তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আহত মাসুদ রানা মজিদ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ৩৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

পরে মামলার ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

This post was viewed: 20

আরো পড়ুন