Skip to main content

Ridge Bangla

বগুড়ায় রাইসমিল মালিককে হত্যা, ৩ ট্রান্সফর্মার নিয়ে পালাল দুর্বৃত্তরা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক রাইসমিল মালিককে হাত-পা ও মুখ বেঁধে হত্যার পর মিল থেকে তিনটি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ জুলাই) রাত ১২টা থেকে সোমবার (৬ জুলাই) সকাল ৭টার মধ্যে উপজেলার ফেনিরগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী (৭০) ফেনিরগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত কছিরউদ্দীনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান।

পুলিশ জানায়, রাতে নিজের রাইসমিলে অবস্থান করছিলেন মোহাম্মদ আলী। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা সেখানে প্রবেশ করে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর মিল থেকে তিনটি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যায় তারা।

সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, দুর্বৃত্তরা প্রথমে নিহতের হাত-পা বেঁধে তার ওপর হামলা চালায়। এরপর রাইসমিল থেকে তিনটি ট্রান্সফর্মার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কতজন জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

This post was viewed: 23

আরো পড়ুন