Ridge Bangla

বগুড়ায় যুবদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, সাংগঠনিক ব্যবস্থার ঘোষণা

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম সাগরের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় এক মিনিটের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় বাসিন্দা এবং দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জহুরুল ইসলাম উপজেলার ভুতবাড়ি গ্রামের বাসিন্দা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্যান্ডো গেঞ্জি পরা জহুরুল ইসলাম একটি টিনশেড ঘরের বারান্দায় খাটের ওপর বসে মোবাইল ফোন ব্যবহার করছেন। তাঁর বাম হাতে একটি চিকন পাইপসদৃশ বস্তু ও ফয়েল পেপার এবং ডান হাতে গ্যাসলাইট দেখা যায়। পরে গ্যাসলাইটের আগুনে ফয়েল পেপার গরম করে পাইপের মাধ্যমে ধোঁয়া টানতে দেখা যায় তাঁকে। ভিডিওতে আরও একজন ব্যক্তি থাকলেও তাঁর পরিচয় স্পষ্ট নয়।

জহুরুল ইসলাম ভিডিওটি তাঁর বলে স্বীকার করেছেন। তবে তাঁর দাবি, একটি পক্ষ তাঁকে ব্ল্যাকমেইল করেছে এবং সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, এর আগেও জহুরুল ইসলামের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ ছিল। তবে সে বিষয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে রাজি হননি। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে জহুরুল ইসলাম বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে তাঁকে ব্ল্যাকমেইল করেছে। সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই মাদক সেবনের ভিডিওটি প্রচার করা হয়েছে।

ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, যুবদলে কোনো মাদকসেবীর স্থান নেই। ভিডিওটি তাঁদের নজরে এসেছে। ইতোমধ্যে ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে জহুরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 2

আরো পড়ুন