Ridge Bangla

বগুড়ায় দুই দিনের পদযাত্রা ও পথসভায় যোগ দেবেন নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

জুলাই বিপ্লবের চেতনা পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে ১৪ ও ১৫ জুলাই বগুড়ায় দুই দিনের পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। এ কর্মসূচিতে অংশ নিতে দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা বগুড়া সফরে যাচ্ছেন।

বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ।

তিনি জানান, কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ ও গাজী সালাহউদ্দীন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ইমরান ইমন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সদস্য এ এম জেড শাহরিয়ার জুহিনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

এমএসএ মাহমুদ জানান, ১৪ জুলাই বিকেল ৩টায় দুপচাঁচিয়া পৌরসভার সিও অফিস এলাকায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৭টায় বগুড়া শহরের কালিতলা হাট এলাকা থেকে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে মূল পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি দত্তবাড়ী, বড়গোলা, থানামোড়, কাঁঠালতলা, নবাববাড়ী রোড, রানার প্লাজা, জলেশ্বরীতলা ও ইয়াকুবিয়া স্কুল মোড় অতিক্রম করে সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভের সামনে পথসভার মাধ্যমে শেষ হবে।

তিনি আরও জানান, বগুড়ায় রাত্রিযাপনের পর ১৫ জুলাই বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় আরেকটি পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট এজাজ আল ওয়াসী, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক শাহরিয়ার জুহিন এবং দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

This post was viewed: 3

আরো পড়ুন