Ridge Bangla

বক্স অফিসে শাহরুখ-সালমানকেও ছাপিয়ে ‘সাইয়ারা’, আয় ৫৭০ কোটি রুপি

চলতি বছরের অন্যতম আলোচিত হিন্দি সিনেমা ‘সাইয়ারা’ মুক্তির সাত সপ্তাহ পর থিয়েটার থেকে বিদায় নিয়েছে। নবাগত তারকা আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই ছবি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এবং একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে।

সিনেমাটি ৪৮ দিন ধরে প্রদর্শিত হয়েছে। শুধুমাত্র ভারতীয় প্রেক্ষাগৃহে এর আয় দাঁড়িয়েছে ৩২৯.২৫ কোটি রুপি, যার ফলে ‘সাইয়ারা’ ভারতের ১৪তম সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা হিসেবে নিজের জায়গা নিশ্চিত করেছে। ছবিটি সালমান খানের ‘সুলতান’ (৩০০ কোটি), সঞ্জয় লীলা বনসালীর ‘পদ্মাবত’ (৩০২ কোটি) এবং কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ (২৬০ কোটি)-এর মতো জনপ্রিয় সিনেমাগুলোকে পেছনে ফেলেছে।

আন্তর্জাতিক বাজারেও ‘সাইয়ারা’-র সাফল্য চোখে পড়ার মতো। কোনো সুপারস্টার না থাকলেও ছবিটি আয় করেছে ১৯.৫ মিলিয়ন ডলার, যা বিশ্বব্যাপী মিলিয়ে মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭০ কোটি রুপি। এই বিশাল আয়ের ফলে ‘সাইয়ারা’ এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা হিসেবে তালিকায় এসেছে।

৫৭০ কোটি রুপি আয়ের কারণে ছবিটি শাহরুখ খানের ‘ডাঙ্কি’ (৪৫৫ কোটি), সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ (৫৫৮ কোটি), রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ (৪৩১ কোটি) এবং সর্বকালের ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’ (৪৬০ কোটি) ও ‘চেন্নাই এক্সপ্রেস’ (৪২২ কোটি)-কে ছাড়িয়ে গেছে।

মোহিত সুরি পরিচালিত এবং ওয়াইআরএফ সিইও অক্ষয় বিধানী প্রযোজিত এই ছবিতে একজন মেজাজী গায়ক (আহান) এবং একজন গীতিকারের (অনীত) প্রেমের গল্প দেখানো হয়েছে। ছবিতে আরও অভিনয় করেছেন রাজেশ কুমার, বরুণ বাদোলা, শাদ রান্ধাওয়া, গীতা আগ্রওয়াল শর্মা, আলম খান ও শান গ্রোভার। দর্শক ও সমালোচকের কাছ থেকেই সিনেমাটি পেয়েছে দারুণ প্রশংসা।

This post was viewed: 34

আরো পড়ুন