Ridge Bangla

বক্স অফিসে দাপট ‘দ্য ওডিসি’র

হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। মুক্তির প্রথম তিন দিনে মহাকাব্যভিত্তিক এই ফ্যান্টাসি সিনেমার বৈশ্বিক আয় ২৬৪ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১৬৮ কোটি টাকা। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটি নোলানের ক্যারিয়ারের সবচেয়ে বড় বৈশ্বিক উদ্বোধনী আয়।

বক্স অফিসের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার বাজার থেকে সিনেমাটি আয় করেছে ১২৪ দশমিক ৫ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৩৯ দশমিক ৬ মিলিয়ন ডলার।

বিশ্ববাজারের পাশাপাশি ভারত ও বাংলাদেশের বক্স অফিসেও শক্ত অবস্থান তৈরি করেছে ‘দ্য ওডিসি’। ভারতে মুক্তির প্রথম তিন দিনেই সিনেমাটির গ্রস আয় ৭০ কোটি রুপির বেশি হয়েছে। এটি দেশটিতে ক্রিস্টোফার নোলানের কোনো চলচ্চিত্রের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড।

প্রথম সপ্তাহান্ত শেষে ভারতে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ৬১ দশমিক ৩০ কোটি রুপি এবং গ্রস আয় ৭৩ দশমিক ১৯ কোটি রুপি। এর মধ্যে ৪৮ দশমিক ৫ কোটি রুপি এসেছে ইংরেজি সংস্করণ থেকে।

বাংলাদেশেও সিনেমাটি মাল্টিপ্লেক্সগুলোতে ইতিবাচক সাড়া পেয়েছে। চলচ্চিত্রের আয় বিশ্লেষক ‘বিএমআর’-এর তথ্য অনুযায়ী, মুক্তির তিন দিনের মাথায় দেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে সিনেমাটির মোট গ্রস আয় ১ কোটি ২ লাখ টাকা ছাড়িয়েছে।

এর মাধ্যমে ‘দ্য ওডিসি’ ২০২৬ সালে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার বেশি আয় করা দশম সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। মুক্তির তৃতীয় দিনে শুধু স্টার সিনেপ্লেক্সের ৫১টি প্রদর্শনী থেকে সিনেমাটি আয় করেছে ২১ লাখ ৩৪ হাজার টাকা। প্রথম তিন দিনে এর গড় দর্শক উপস্থিতি ছিল ৪১ শতাংশ।

প্রাচীন গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। সিনেমায় রাজা ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন এবং তার ছেলে টেলেমেকাসের ভূমিকায় রয়েছেন টম হল্যান্ড। এছাড়া অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, লুপিটা নিয়ং’ও এবং জেনডায়াসহ আরও অনেক তারকা।

This post was viewed: 6

আরো পড়ুন