মাত্র ২৫ বছর বয়সেই জীবনের ইতি টানলেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জামতারা’ খ্যাত তরুণ অভিনেতা শচীন চাঁদওয়াড়ে। ভারতের পুণে শহরের নিজ ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার। আকস্মিক এই মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ও মারাঠি বিনোদন জগতে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর রাতে পুণের ফ্ল্যাটে শচীনের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে শারীরিক জটিলতার কারণে অন্য একটি হাসপাতালে স্থানান্তরের চেষ্টা করা হলেও ২৪ অক্টোবর দুপুরে তার মৃত্যু নিশ্চিত হয়।
মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই শচীন জনপ্রিয়তা অর্জন করেছিলেন। নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘জামতারা ২’-এ তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। শুধু হিন্দি নয়, মারাঠি বিনোদন জগতেও তিনি ছিলেন এক সম্ভাবনাময় মুখ। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কাজ করতেন পুণের একটি আইটি পার্কে।
বন্ধুবান্ধব ও সহকর্মীদের কাছে শচীন ছিলেন প্রাণবন্ত ও হাসিখুশি স্বভাবের মানুষ। তবুও কেন এমন আত্মহননের পথ বেছে নিলেন তিনি, সেই রহস্যের উত্তর খুঁজছে পুলিশ ও পরিবার।
বলিউডে সম্প্রতি একের পর এক মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে। কালীপূজার রাতে প্রবীণ অভিনেতা গোবর্ধন আসরানির মৃত্যুর পরপরই প্রয়াত হন ‘অ্যাড গুরু’ পীযূষ পাণ্ডে। এরপরই আসে অভিনেতা সতীশ সাহে’র মৃত্যুসংবাদ। এই ধারাবাহিক মৃত্যুর মিছিলে নতুন সংযোজন শচীন চাঁদওয়াড়ের অকাল প্রয়াণ, যা নাড়া দিয়েছে গোটা বিনোদন জগতকে।