Ridge Bangla

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ সরকারের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

রোববার (২৬ এপ্রিল) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ সরকার এ ঘটনায় শোকাহত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

বিবৃতিতে বলা হয়, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর থেকেই বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।

ইতোমধ্যে লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তা দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানানো হয়। নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুটি প্রথম শ্রেণির হত্যার অভিযোগ আনা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, দুই শিক্ষার্থী নিয়মিত যোগাযোগ রাখতেন। তারা আলাদা বিষয়ে পড়াশোনা করলেও একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন বলে জানা যায়।

This post was viewed: 10

আরো পড়ুন