যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ অবশেষে শনাক্ত করা হয়েছে। প্রায় ১৫ দিন পর স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ মরদেহটির পরিচয় নিশ্চিত করে। শুক্রবার (১ মে) ফ্লোরিডা পুলিশ বিভাগ বৃষ্টির পরিবারকে ফোন করে এ তথ্য জানায়।
পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে এ প্রক্রিয়া শুরু করেছে।
নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল টাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।
তদন্ত সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহের পোশাকের সঙ্গে সিসিটিভি ফুটেজে বৃষ্টির পরনের পোশাকের মিল পাওয়া যায়, যা শনাক্তে সহায়ক হয়।
এদিকে, লিমনের মরদেহ শনিবার (২ মে) অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানো হবে এবং ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।