ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের বিদেশি উৎস থেকে অর্জিত আয় দেশে আনার ক্ষেত্রে আগামী অর্থবছর থেকে আর উৎসে কর কাটা হবে না। এ লক্ষ্যে আয়কর আইনে প্রয়োজনীয় সংশোধন আনতে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।
বর্তমান আইনে দেশে অবস্থান করে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সেবা কিংবা পণ্য সরবরাহের মাধ্যমে অর্জিত আয় রেমিট্যান্স হিসেবে গণ্য হয় না। ফলে ব্যাংকগুলো ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আনা অর্থের ওপর ৭ দশমিক ৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখে।
তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এ ধরনের বৈদেশিক আয়ের ক্ষেত্রে আর উৎসে কর প্রযোজ্য হবে না।
উল্লেখ্য, গত ১ জুন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জনপ্রিয় ফেসবুক পেজ চিত্ত মিডিয়ার প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ করের বিষয়টি উত্থাপন করেন।
বিষয়টি আমলে নিয়ে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পর্যালোচনার নির্দেশ দেন।
তবে কনটেন্ট ক্রিয়েটরদের দেশে অন্যান্য উৎস থেকে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত হারে আয়কর পরিশোধ করতে হবে।