তীব্র গরম ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফ্রান্স ও স্পেনে স্মরণকালের অন্যতম ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বনাঞ্চল পুড়িয়ে আগুন এখন শহরের দিকে অগ্রসর হচ্ছে। শনিবার (২৫ জুলাই) সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
পরিস্থিতির অবনতি হওয়ায় ফ্রান্স সরকার বোর্দোয়া এবং আটলান্টিক উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
অন্যদিকে স্পেনের রাজধানী মাদ্রিদের পূর্বাঞ্চলের একাধিক শহরের বাসিন্দাদেরও সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিভিন্ন এলাকায় আকাশজুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, দাবানলের কারণে এখন পর্যন্ত ফ্রান্স ও স্পেন থেকে ২ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এর মধ্যে শুধু ফ্রান্সের ক্যাপ ফেরাত উপত্যকা থেকেই ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে দাবানল শুরুর পর থেকে দেশটিতে ৯৮ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। এর মধ্যে জানুয়ারি থেকে শুধু জিরোন্ডে অঞ্চলেই পুড়েছে ৪০ হাজার হেক্টর জমি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্পেনে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ওই বৃষ্টি দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য যথেষ্ট হবে না।
জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পর প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ বলেন, বর্তমানে তাদের প্রধান লক্ষ্য মানুষের জীবন রক্ষা করা। তিনি আরও বলেন, সামনের কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসের গতি ও তীব্রতা কী থাকবে, তা এখনো নিশ্চিত নয়।