গাজায় আবারও যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ইসরায়েল। এবার মধ্য গাজায় পৃথক দুটি ঘটনায় ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে ঘটনাটি স্বীকার করেছে।
বিবৃতিতে বলা হয়, বুধবার (৫ নভেম্বর) সকালে মধ্য গাজার দুটি স্থানে ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের দিকে এমনভাবে অগ্রসর হচ্ছিলেন, যা তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় সৈন্যরা ‘আত্মরক্ষার্থে’ গুলি চালায়, যাতে দুজন নিহত হন।
যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজার অধিকাংশ এলাকা থেকে সেনা প্রত্যাহার করলেও কিছু অঞ্চলে ভারী অস্ত্রসহ তাদের উপস্থিতি বজায় রেখেছে। এসব এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ওই অঞ্চলগুলোকে ‘হলুদ রেখা’ নামে চিহ্নিত করা হয়েছে, যার বাইরে গেলেই তা শত্রুতামূলক আচরণ হিসেবে গণ্য করা হয়।
ইসরায়েলি বাহিনীর দাবি, বুধবারের নিহত দুজন এই ‘হলুদ রেখা’ অতিক্রম করেছিলেন, ফলে সৈন্যরা ব্যবস্থা নিতে বাধ্য হয়। ঘটনাস্থলে তাদের তাৎক্ষণিকভাবে গুলি করে হত্যা করা হয়।