Skip to main content

Ridge Bangla

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

সরকার আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন। এসময় দুই পক্ষের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার পাশাপাশি বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণসহ নানা বিষয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস বলেন, গত ১৬ বছরে দেশে যে নির্বাচন হয়েছে, তা আসলে ছিল প্রহসন। তবে বর্তমান সরকার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। তিনি আরও জানান, নির্বাচন শেষে তিনি আবার নিজের পূর্বের কাজ ও পেশায় ফিরে যাবেন।

প্রধান উপদেষ্টা ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন এবং এ চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের সহায়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে বলেও তিনি উল্লেখ করেন।

বাণিজ্য দূত রোজি উইন্টারটন বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, কাস্টমস ও রাজস্ব ব্যবস্থায় সাম্প্রতিক সংস্কারের প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান পরিবহন ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ ব্যক্ত করেন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে অধ্যাপক ইউনূসের নেতৃত্ব এবং প্রধান রাজনৈতিক দলের নেতাদের সম্পৃক্ত করার উদ্যোগকেও স্বাগত জানান।

এ বৈঠকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের জন্য গবেষণা ও জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ এবং উপকূলীয় টহল জাহাজ কেনার পরিকল্পনাও আলোচিত হয়।

This post was viewed: 94

আরো পড়ুন