চলতি বছরের ফেব্রুয়ারি মাসজুড়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় ১৪৩ কোটি টাকা মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে। দেশের বিভিন্ন আদালতের নির্দেশে এসব পদক্ষেপ নেওয়া হয়।
দুদকের এক নথি অনুযায়ী, মোট জব্দ সম্পদের মধ্যে স্থাবর সম্পদের মূল্য প্রায় ৭২ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৬০১ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৭০ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৮০৯ টাকা। আদালতের ২৯টি আদেশের ভিত্তিতে এই কার্যক্রম পরিচালিত হয়।
ক্রোককৃত সম্পদের তালিকায় রয়েছে বিপুল পরিমাণ জমি, একাধিক ভবন, ফ্ল্যাট, প্লট, বসতবাড়ি, টিনশেড ঘর, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান ও যানবাহন। অন্যদিকে অবরুদ্ধ সম্পদের মধ্যে রয়েছে ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, শেয়ার, এফডিআরসহ বিভিন্ন আর্থিক বিনিয়োগ।
এছাড়া একাধিক ক্রেডিট কার্ড, বিভিন্ন ধরনের ব্যাংক হিসাব এবং একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টও অবরুদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। দুদক জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী এসব সম্পদ ব্যবস্থাপনার কার্যক্রম চলমান রয়েছে।