Skip to main content

Ridge Bangla

ফেনীতে খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা: নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ

ফেনীর কৃতী সন্তান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফেনী–১ আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। সোমবার (৩ নভেম্বর) দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশের পর থেকেই ফেনীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে তারা।

পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী–১ আসনটি ঐতিহ্যগতভাবে বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। এখান থেকেই তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের নেতাকর্মীদের ভাষায়, “ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা।”

দলীয় সূত্র জানায়, প্রার্থী ঘোষণার খবর পেয়ে ফেনীজুড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। স্থানীয় নেতারা বলেন, বেগম জিয়াকে সংসদে পাঠাতে এবার ঐক্যবদ্ধভাবে কাজ করবে পুরো জেলা বিএনপি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক বেলাল আহমদ কালবেলা বলেন, “খালেদা জিয়া আমাদের গর্ব। তাকে এই আসনে প্রার্থী করায় আমরা কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, এবারও ধানের শীষের জয় নিশ্চিত করব।”

উল্লেখ্য, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে এই আসনে বিজয়ী হয়েছিলেন খালেদা জিয়া। ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রফিকুল আলম মজনু। সর্বশেষ ২০২৪ সালের বিরোধী দলবিহীন নির্বাচনে আওয়ামী লীগের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এ আসনে জয়ী হয়েছিলেন। এবার বেগম জিয়ার প্রার্থী হওয়ায় ফেনীতে নতুন করে জেগে উঠেছে বিএনপির পুরোনো ঘাঁটি।

This post was viewed: 86

আরো পড়ুন