Skip to main content

Ridge Bangla

ফেক ভিডিওর শিকার দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের

দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী এবার ডিপ ফেক ভিডিওর শিকার হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার একটি অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুতই বিষয়টি হায়দরাবাদের সাইবার ক্রাইম পুলিশে অভিযোগ করেন এই জনপ্রিয় তারকা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। চিরঞ্জীবীর মুখ অন্য কারও শরীরে বসিয়ে ভিডিওটি তৈরি করে তা ভাইরাল করা হয়। অভিনেতা তার অভিযোগে উল্লেখ করেছেন, এটি তার ব্যক্তিগত মর্যাদা, সুনাম ও গোপনীয়তার চরম লঙ্ঘন। তিনি ভারতের সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী আইনি সুরক্ষা চেয়েছেন।

চিরঞ্জীবী জানান, “আমার ছবি ও ভিডিও বিকৃত করে একটি ভয়ঙ্কর অপকর্ম করা হয়েছে। এটি শুধু আমার নয়, পুরো সমাজের জন্যই উদ্বেগজনক।” পুলিশ ইতিমধ্যে ভিডিওটির উৎস অনুসন্ধান শুরু করেছে এবং কারিগরি সহায়তায় এর সৃষ্টিকারীদের সনাক্তের চেষ্টা চলছে।

এর আগে একইভাবে ডিপ ফেক ভিডিওর শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা, কারিনা কাপুর ও আলিয়া ভাট। তাঁদের ঘটনাগুলোর পর কেন্দ্রীয় সরকারও কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক প্রতারণা রোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির অপব্যবহারে তৈরি এই ধরনের ভিডিও শুধু ব্যক্তির সুনাম নষ্টই করে না, সমাজে বিভ্রান্তিও ছড়ায়। ফলে, চিরঞ্জীবীর এই অভিযোগ বিনোদন অঙ্গনে ফেক প্রতিরোধে নতুন সচেতনতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন অনেকেই।

This post was viewed: 93

আরো পড়ুন