যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ডা. মাহফুজুল হকের জানাজা সম্পন্ন হয়েছে। নর্থইস্ট ফিলাডেলফিয়ায় জানাজার নামাজ শেষে তার মরদেহ দাফনের জন্য কানাডার ভ্যাঙ্কুভারে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) জোহরের নামাজের পর নর্থইস্ট ফিলাডেলফিয়ার টাইসন মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এতে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
জানাজার নামাজে ইমামতি করেন ইসলামিক স্কলার ইমাম আবু জাফর। পরে মরদেহ কানাডার ভ্যাঙ্কুভারে পাঠানো হয়। সেখানে পরিবারের সদস্যদের পাশে তাকে দাফন করা হবে।
ফিলাডেলফিয়া পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে কিংসেসিং এলাকায় খাবার সরবরাহ করতে যাওয়ার সময় ডা. মাহফুজুল হক গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
বাংলাদেশে চক্ষু চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করা ডা. মাহফুজুল হক উন্নত জীবনের প্রত্যাশায় উত্তর আমেরিকায় পাড়ি জমান। তিনি কানাডার নাগরিক হলেও পরিবারের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। নিজ পেশার পাশাপাশি তিনি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করতেন।
তার স্ত্রীও একজন চিকিৎসক। মাত্র ৮ মাস আগে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। তাদের ১৪ বছর বয়সী একটি সন্তান রয়েছে। ডা. মাহফুজুল হকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি মোহাম্মাদ ইসলাম আরিফ। তিনি বলেন, অনেক প্রবাসী বিভিন্ন ধরনের খাবার ও পণ্য সরবরাহের কাজে যুক্ত থাকায় রাতের বেলায় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
একই সঙ্গে ডা. মাহফুজুল হকের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় কমিউনিটির নেতারা।