যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তিনি নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তার মৃত্যুতে পেনসিলভানিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
ফিলাডেলফিয়া পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে কিংসেসিং এলাকায় খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময় মাহফুজুল হকের ওপর হামলা হয়। সাউথ ইথান স্ট্রিট এলাকায় রাত সাড়ে ৯টার কিছু আগে এ ঘটনা ঘটে।
গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা ৪৩ বছর বয়সী মাহফুজুল হককে তার গাড়ির পাশে রাস্তায় পড়ে থাকতে দেখেন। সে সময় গাড়িটির ইঞ্জিন চালু অবস্থায় ছিল।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, মাহফুজুল হকের মাথার পেছনে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে তাকে দ্রুত পেন প্রেসবিটেরিয়ান মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, মাহফুজুল হকের খাবার সরবরাহের ব্যাগ এবং রাইফেলের গুলির ২টি খোসা উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
জানা গেছে, নিহত মাহফুজুল হক আগে আল-শাম উইলো গ্রোভে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রেখে গেছেন।
এই হত্যাকাণ্ডের পর পেনসিলভানিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোকের পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।