Skip to main content

Ridge Bangla

ফার্নেস তেলের দাম লিটারে কমল ৪ টাকা ৪৪ পয়সা

ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে সরকার। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ফার্নেস তেল বিক্রি হবে ১০৯ টাকা ১০ পয়সায়। আগে এর দাম ছিল ১১৩ টাকা ৫৪ পয়সা। নতুন মূল্য মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। এর ফলে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় কিছুটা কমতে পারে।

মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিশনের ভাষ্য, ৩০ জুন অনুষ্ঠিত বিশেষ সভায় ১৩ মে থেকে ২৯ জুন পর্যন্ত আমদানি করা ফার্নেস তেলের গড় মূল্য এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মাসে এক দফায় প্রতি লিটার ফার্নেস তেলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে সেই বৃদ্ধির একটি অংশ সমন্বয় করে দাম কমানো হলো।

নতুন মূল্য অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীন রাষ্ট্রায়ত্ত ৪টি বিপণন প্রতিষ্ঠান- পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল কোম্পানি এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি ফার্নেস তেল বিক্রি করবে। এই জ্বালানি তেলের সবচেয়ে বড় ব্যবহারকারী সরকারি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যা দেশের তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরবরাহ করে।

This post was viewed: 27

আরো পড়ুন