বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ইয়ামিন হক ববি দীর্ঘদিন ধরেই ছিলেন আলোচনার আড়ালে। এক সময়ে ব্যস্ততম নায়িকা হলেও সাম্প্রতিক বছরগুলোতে তিনি খুব একটা খবরের শিরোনামে ছিলেন না। তবে চলতি অক্টোবরের শুরু থেকেই প্রেম ও গোপন বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় আসেন এই অভিনেত্রী।
প্রথমে প্রযোজক ও পরিচালক সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার খবর ছড়িয়ে পড়ে। এরপর নতুন করে ব্যবসায়ী ও প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে ববির প্রেমের গুঞ্জন শুরু হয়। এর মধ্যেই ফাঁস হয় ববির কথোপকথনের একটি অডিও ক্লিপ, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অডিওতে শোনা যায়, ববি ও বাশারের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এবং তারা ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলছেন। সেখানে কিছু অভিযোগ-প্রত্যুত্তর ও মান-অভিমানও ধরা পড়েছে।
তবে ববি দাবি করেছেন, অডিওটি “পুরোটাই সাজানো এবং বিভ্রান্তিকর।” নায়িকা বলেন, “এই কথোপকথন দুই থেকে তিন বছর আগের। বিভিন্ন সময়ের অডিও কেটে-ছেঁটে একত্র করা হয়েছে। এক কথার সঙ্গে অন্য কথার কোনো সম্পর্কই নেই।”
তিনি আরও বলেন, “আমাদের ধারণা, কেউ ইচ্ছাকৃতভাবে ঝামেলা তৈরি করতে এসব কথাবার্তা বিকৃত করে ফেসবুকে ছড়িয়েছে।”