Skip to main content

Ridge Bangla

ফরিদপুরে হাতির ধাক্কায় উল্টে গেল ইজিবাইক, প্রাণ হারাল ১০ মাসের শিশু

ফরিদপুরের সদরপুরে হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় একটি ইজিবাইক উল্টে গিয়ে ১০ মাস বয়সী আরিশা জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিশা জান্নাত পাশের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে।

ঘটনার পর উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দেয় এবং হাতিটিকে আটকে রাখে। পরে খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে আটক করে থানায় নিয়ে যায়। আটক বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের আনিস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আরিশাকে চিকিৎসকের কাছে নেওয়ার জন্য তার মা ব্যাটারিচালিত ইজিবাইকে করে হাসপাতালে যাচ্ছিলেন। পথে আটরশি এলাকায় মাহুত বকুল মিয়া হাতি নিয়ে বিভিন্ন দোকানে চাঁদা তুলছিলেন। এ সময় হাতিটি শুঁড় দিয়ে টাকা নেওয়ার জন্য ইজিবাইকের সামনে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনায় ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় আরিশা জান্নাত। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত অন্য যাত্রীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, এ ঘটনায় হাতির মাহুতকে আটক করা হয়েছে। হাতিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

This post was viewed: 2

আরো পড়ুন