বাংলাদেশে তৃতীয় ভাষা হিসেবে ফরাসি ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণে ফ্রান্সের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি শিক্ষা, বিনিয়োগ, প্রযুক্তি এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মতো দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে, সরকারের উদ্যোগে দেশের শিক্ষাব্যবস্থায় তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। এ সময় ফরাসি ভাষাকে অন্যতম প্রধান বিকল্প হিসেবে যুক্ত করার সম্ভাবনা নিয়ে কথা বলেন তারা।
বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে এই ভাষার দক্ষতা বাড়াতে ফ্রান্সের কার্যকর ভূমিকার ওপর জোর দেন মাহদী আমিন।