চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী এবং সাংবাদিক আলিমুজ্জামান পেলেন ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫। কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত এই পুরস্কারের বর্ণাঢ্য প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চ্যানেল আই প্রাঙ্গণে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, সাংবাদিক আবদুর রহমান, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাচসাস সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অন্যপ্রকাশ-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমিসহ সাংবাদিক, লেখক ও প্রকাশকরা।
উপস্থিত অতিথিরা ফজলুল হককে স্মরণ করে তার অবদানের কথা তুলে ধরেন। কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “আমরা ফজলুল হককে পাইনি, কিন্তু তার কাজ দেখেছি। শিল্পকলার আগামী দিনের কর্মসূচিতে ফজলুল হকের ওপর নির্মিত ডকুফিল্ম প্রদর্শন করা হবে।”
প্রকৃতিবিদ মুকিত মজুমদার বাবু, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, রাজু আলীম, কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলম এবং অভিনেতা কেরামত মাওলা উপস্থিত থেকে ফজলুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানটি শুধু পুরস্কার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং বাংলাদেশের সাংবাদিকতা ও চলচ্চিত্রে ফজলুল হকের অবদানের গুরুত্বও আলোচিত হয়। দুই প্রতিভাবান ব্যক্তির হাতে পুরস্কার তুলে দিয়ে ফজলুল হকের নীতি ও শিল্পকলায় অবদান স্মরণ করা হয়।