Ridge Bangla

প্লট দুর্নীতি মামলায় হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে প্লট বরাদ্দের অভিযোগে দায়ের করা দুটি দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম আদালতে এ রায় ঘোষণা করেন।

একই রায়ে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ৭ বছর করে এবং ব্রিটেনের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তথ্য অনুযায়ী, গত সরকারের আমলে রাজধানীর পূর্বাচল প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে কূটনৈতিক জোনের গুরুত্বপূর্ণ স্থানে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দ নেওয়া হয়। অভিযোগ ওঠে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের প্রভাব খাটিয়ে বোন শেখ রেহানার সন্তানদের নামে ১০ কাঠা করে সরকারি জমি বরাদ্দ দেন।

গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এবং আফনান জান্নাত কেয়া এই পৃথক দুটি মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার তৎকালীন একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র জমা দেওয়া হয়।

This post was viewed: 19

আরো পড়ুন