Ridge Bangla

প্রেমিক নদীতে ঝাঁপ, সেতু ছেড়ে চলে গেলেন প্রেমিকা

একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করে যমুনা নদীর সেতুতে এসেছিলেন এক প্রেমিক যুগল। তবে পরিকল্পনা অনুযায়ী প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও শেষ মুহূর্তে আর ঝাঁপ দেননি তরুণী। বরং প্রেমিককে নদীতে পড়তে দেখে তিনি ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ওই যুবককে জীবিত উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আত্মহত্যার উদ্দেশ্যে ওই প্রেমিক-প্রেমিকা সেতুতে এসেছিলেন। আগে থেকেই তাদের মধ্যে এমন পরিকল্পনা ছিল। সেতুতে দাঁড়িয়ে তারা কিছুক্ষণ কথাও বলেন।

এরপর পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা নামে ওই যুবক যমুনা নদীতে ঝাঁপ দেন। তবে তার সঙ্গে থাকা তরুণী নদীতে ঝাঁপ না দিয়ে সেতু থেকেই পুরো ঘটনা দেখেন। পরে তিনি শান্তভাবে সেখান থেকে হেঁটে চলে যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল। দীর্ঘ চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চলে যাওয়া তরুণীর সন্ধানেও চেষ্টা চালানো হচ্ছে।

This post was viewed: 7

আরো পড়ুন