র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কার্যক্রম আরও গতিশীল করতে নতুন করে ১৬৩টি যানবাহন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তাবিত তালিকায় রয়েছে ৩টি জিপ, ১০০টি পেট্রলচালিত পিকআপ এবং ৬০টি শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস। এর ব্যয় ধরা হয়েছে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠকে টিসিবির জন্য ২৮২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্তও গৃহীত হয়েছে। পাশাপাশি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে স্পট মার্কেট থেকে আরও তিন কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ২ হাজার ১৮৬ কোটি টাকার বেশি।
ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে ১৮টি নতুন উপকেন্দ্র নির্মাণের প্রস্তাব অনুমোদন পেয়েছে। এখানে মোট ব্যয় হিসেব করা হয়েছে ২৮৬ কোটি টাকার বেশি।
একই সঙ্গে দুটি বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ ট্যারিফ পুনর্নির্ধারণ করা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। এতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বছরে প্রায় ২০১ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করছে সরকার।
এ ছাড়া ১০৮ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে রাজধানীর শেরেবাংলা নগরে ১২ তলাবিশিষ্ট একটি সরকারি অফিস ভবন নির্মাণসহ মোট ৯টি গুরুত্বপূর্ণ সরকারি ক্রয় ও ব্যয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এসব প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় ৩ হাজার কোটি টাকা ধরা হয়েছে।