Ridge Bangla

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নেই সহজ হবে উচ্চশিক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাঁর মতে, প্রাথমিক শিক্ষার মান উন্নত করা গেলে উচ্চশিক্ষা গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে। এছাড়াও, প্রশাসনের সহায়তায় আগামী দিনে শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করবেন বলে জানান তিনি।

শনিবার (২৫ অক্টোবর) সকালে নরসিংদী জেলার বেলাব উপজেলার হোসেন নগর পাইলট স্কুল মাঠে মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে স্কুল স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালে আমাদের পরিবারের সদস্যরা স্থানীয়দের সঙ্গে জমি দান ও নানা সহযোগিতা করেছিলেন। ভবিষ্যতেও সমাজের বিত্তবানদের স্কুলের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক সচিব মো. জাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন, পুলিশ সুপার মো. মিনহাজুল হক, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম, বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর মো. খালিদ হোসেন, সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল হক চৌধুরীসহ অন্য অতিথিরা।

This post was viewed: 43

আরো পড়ুন