প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামীকাল রবিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।
মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে সহজেই পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য ইংরেজিতে ডিপিই লিখে একটি ফাঁকা জায়গা দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে।
এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। তাদের মধ্যে ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাকি ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয় বা কিন্ডারগার্টেনের পরীক্ষার্থী।
বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’- এই ২ ভাগে আর্থিক সুবিধা দেওয়া হবে।
পার্বত্য ৩ জেলা ছাড়া দেশের অন্যান্য জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচি অনুযায়ী ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।