মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘পুলিশি বর্বরতার’ অভিযোগ তুলে শুক্রবার সারা ভারতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
দলটি তাদের সমর্থক, ছাত্র সংসদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিজ নিজ শহরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ আয়োজনের আহ্বান জানিয়েছে।
দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ এবং বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অভিযানের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটির দাবি, এসব ঘটনার পর রাজধানীর বাইরে আন্দোলন আরও বিস্তৃত করার সংকল্প জোরদার হয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। তবে দিল্লি পুলিশের দাবি, ‘চলো সংসদ’ কর্মসূচির সময় বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে। তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালানোর পাশাপাশি সরকারি সম্পত্তিও ভাঙচুর করে।
দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়নের জন্য স্থানীয় আয়োজকদের কাছে একটি মানসম্মত পরিচালনাবিধি, প্রচারসামগ্রী এবং স্মারকলিপির নমুনা পাঠিয়েছে সিজেপি। নির্দেশনায় বলা হয়েছে, বিক্ষোভকারীরা নির্ধারিত স্থানে সমবেত হয়ে শিক্ষার্থীদের দাবিগুলো জনসমক্ষে তুলে ধরবেন, সাম্প্রতিক আন্দোলনে কথিত পুলিশি নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ করবেন এবং জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেবেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জবাবদিহির দাবিতে গত ২০ জুন দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক সেখানে যোগ দিয়ে আমরণ অনশন শুরু করলে বিক্ষোভ আরও গতি পায়।