Ridge Bangla

প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারি থেকে আটক স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল

ফরিদপুরের সালথা উপজেলায় গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারির ভেতর থেকে মো. আজাদ শেখ নামে এক স্কুল দপ্তরিকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনার ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক আজাদ শেখ বড় খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত।

স্থানীয়দের দাবি, প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে আজাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘটনার রাতে তিনি ওই নারীর ঘরে গেলে স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলেন। পরে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে আলমারির ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খালি গায়ে আলমারির ভেতরে লুকিয়ে আছেন আজাদ। কয়েকজন যুবক তাকে বের করার চেষ্টা করছেন এবং আশপাশের অনেকে মোবাইলে ভিডিও ধারণ করছেন।

তবে অভিযোগ উঠেছে, পরে স্থানীয় একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ওই প্রবাসীর স্ত্রী জানান, পাশের বাড়িতে মৃত্যুর খবর শুনে বাইরে গেলে আজাদ ঘরে ঢোকেন। পরে লোকজন বাড়ি ঘিরে ফেললে তিনি ভয় পেয়ে আলমারিতে লুকিয়ে পড়েন।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 2

আরো পড়ুন