প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আসন্ন জাতীয় নির্বাচন ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, জার্মানি ইউরোপে বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূতের মেয়াদকালে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
বৈঠকে রাষ্ট্রদূত লোটজ অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করে বলেন, রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসতে দেখা অত্যন্ত ইতিবাচক। নির্বাচনের পরও এই সংস্কারের ধারা অব্যাহত থাকা উচিত।
প্রধান উপদেষ্টা জানান, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরি হয়েছে, যা আস্থা পুনর্গঠনে সহায়ক ভূমিকা রাখছে। তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।”
বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সংকট, শিক্ষা ও বাণিজ্যসহ পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত জার্মানিতে পড়াশোনায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করেন।
অধ্যাপক ড. ইউনূস তরুণ প্রজন্মের ভূমিকা ও প্রযুক্তিনির্ভর সামাজিক পরিবর্তনের বিষয়েও গুরুত্বারোপ করেন। তবে তিনি ভুয়া তথ্যের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে বলেন, “ভ্রান্ত তথ্য আসন্ন নির্বাচনের অন্যতম বড় চ্যালেঞ্জ।”