রাজধানীর খিলগাঁওয়ে অপহৃত এক স্কুলছাত্রকে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, অপহৃত শিক্ষার্থী খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র। বেলা আড়াইটার দিকে স্কুল থেকে বের হওয়ার পর ৪-৫ জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক আটক করে জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে তার বাবার মোবাইল নম্বর নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।
এদিকে ছেলের অপহরণের খবর পেয়ে তার বাবা, যিনি সচিবালয়ের একজন কর্মচারী, কান্নাজড়িত অবস্থায় প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বিষয়টি জানান। ঘটনাটি জানার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত উদ্ধারের নির্দেশ দেন।
পরে অপহরণকারীদের ব্যবহৃত নম্বর ট্র্যাক করে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে পুলিশ। মুক্তিপণের টাকা পাঠানোর আশ্বাস দিয়ে সময়ক্ষেপণের মাধ্যমে অবস্থান শনাক্ত করা হয়। একপর্যায়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।