Skip to main content

Ridge Bangla

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তারের পর এবার মন্ত্রণালয় থেকে চুরি হলো ল্যাপটপ

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এক কর্মকর্তার ব্যবহৃত ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনের ১৬ তলায় এমন ভুতুড়ে চুরির ঘটনাটি ঘটে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুরি হওয়া ল্যাপটপটি এইচপি ব্র্যান্ডের। এটি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইমামুল হাফিজ নাদিম তাঁর দাপ্তরিক কাজে ব্যবহার করতেন।

উল্লেখ্য, ভবনটির ১৬ তলা থেকে ল্যাপটপটি চুরি হয়েছে। একই তলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহাদী আমিন এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দপ্তরও রয়েছে।

বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ আশরাফুল আলম তাদের জনবল খুবই সীমিত উল্লেখ করে বলেন, ঘটনার পরপরই আমরা ভবনের ভেতরে থাকা সবার ব্যাগে তল্লাশি চালিয়েছি। কিন্তু ল্যাপটপটি উদ্ধার করা যায়নি।

তিনি আরও বলেন, আমরা ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে খয়েরি রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরিহিত আনুমানিক ৪৫-৫০ বছর বয়সী এক ব্যক্তিকে শনাক্ত করেছি। ফুটেজে দেখা গেছে, তিনি একটি কালো ব্যাগ নিয়ে দপ্তর থেকে বের হয়ে যাচ্ছেন। ধারণা করছি, ওই ব্যাগটিতেই চুরি হওয়া ল্যাপটপটি থাকতে পারে। এছাড়া ওই ব্যাগে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্রও থাকতে পারে।

উল্লেখ্য, কিছুদিন আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে লাল টেলিফোনের তার চুরির ঘটনা ঘটে। এমন সংবেদনশীল ও ভিআইপি স্থাপনাগুলো থেকে চুরির ঘটনায় জায়গাগুলোর নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে।

This post was viewed: 8

আরো পড়ুন