জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা এখনো বাড়েনি, যা প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টার ফল। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
চিফ হুইপ বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব থাকা সত্ত্বেও সরকার দেশের জনগণের স্বার্থে জ্বালানির দাম স্থিতিশীল রাখতে কাজ করছে। তবে অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের বেশি তেল মজুত করার প্রবণতার কারণে সাময়িক কিছু সমস্যা তৈরি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্বালানি ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে। এ সময় সরকারি নির্দেশনা অনুযায়ী সংসদসহ সব সরকারি দপ্তরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসরণ করার কথা স্মরণ করিয়ে দেন।
অনুষ্ঠানে নারী স্বাস্থ্য সুরক্ষায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন নুরুল ইসলাম মনি। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।